ফুটপাথ থেকে ফূটপাথে,
বিজ্ঞাপনের লাল আলোয়,
একা ভবঘুরের মত।
আধো অন্ধকার রাস্তায়
ঘুমিয়ে থাকে গাড়ির দীর্ঘ সারি
নির্দিষ্ট রাস্তার বাঁক এড়িয়ে
উদ্দেশ্যহীন হেঁটে যাই।
রংবেরঙের জামা কাপড়ের দোকান
ম্লান আলোর নীচে
কমলা আর আপেলের ঝুড়ি-
যেন রাতের নিজস্ব বাজার।
পার্কের রেলিঙে বসে
এক পাগলের অট্টহাসি
জয়ধ্বনি আর ক্রন্দনের মাঝখানে জীবন।
নব্য দম্পতির কাঁধে লেগে থাকা আলো,
আগরবাতির গন্ধে
গলিপথ পথ হারায়।
শহরের সমস্ত আলো নিভে গেলে
যে অন্ধকার বেঁচে থাকে,
তারই ঠিকানা খুঁজি ফিরি।
-----------------------------------------------------------------------------------------
কবি পরিচিতি -
জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাশিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুল, কলেজ, অণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা। নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।
.jpg)