প্রিয়
সকাল
আজ আবার তোমাকে লিখতে বসেছি। জানি এই চিঠি কোনো দিনও তার
গন্তব্য ছুঁতে পারবে না তবু লিখি। না লিখে পারি না তাই লিখি। জানি তুমি ভালো আছো
তোমার নিজের গণ্ডিতে। আমিও বেশ গুছিয়ে নিয়েছি জীবন। পরিপাটি জীবনের অন্তরালে
একটা গভীর ক্ষত বয়ে চলে নীরবে। তোমাকে পাওয়ার আশা নেই। তোমার কাছে কোনো চাহিদাও
ছিল না কোনোদিন। এখনও কিচ্ছু চাইনা । তোমার পৃথিবী আর আমার পৃথিবীর মধ্যে দূরত্ব
এতটাই যে তোমাকে একবার একটু চোখের দেখা দেখব সে সুযোগও নেই। তাতে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই,
অভিমানও নেই।
নীরবে অশ্রু
ঝরানোর নামই প্রেম। প্রেম সবাই বোঝে না, শারীরিক আকর্ষণকে অনেকে প্রেম
মনে করে। আমার প্রেম স্বর্গীয় সুখ অনুভব করায়। চাওয়া পাওয়া হীন নিঃস্বার্থ
প্রেম। কতো কতো বছর দেখিনি তোমায়। কতো অসংখ্য দিন হয়নি কথা। তবু মনে হয় এই তো
তুমি। আমার একান্ত নিকটে। তুমি হারিয়ে গিয়েও ছেয়ে আছো আলোর মতো আমার চৌদিকে।
এমন কোনো দিন নেই, রাত নেই, সকাল নেই,
দুপুর নেই যখন তুমি ছিলে না আমার পাশে। না থেকেও যে এতো কাছে থাকা
যায় সে শুধু সেই জানে যে সত্যি সত্যি প্রেমে পড়েছিল কোনোদিন। আকাশে মেঘ করলে
তোমাকে দেখি। গভীর রাতে নির্ঘুম চোখে তোমাকে দেখি। ঘুমের মধ্যেও স্বপ্ন হয়ে কাছে
আসো। অলস দুপুরে ঘুঘু পাখির ডাকেও তোমাকে মনে পড়ে। কি করি বলো? তুমি জানলে না তোমার প্রতি আমার কতটা মায়া। শুনলে না আমার অভিমানী
দীর্ঘশ্বাস।
গতকাল যাকে এক
দিন না দেখে থাকতে পারতে না আজ আর মনেও পড়ে না তার কথা। ভালোই তো। এভাবেই ভালো
থাকা যায়।
তোমার মধ্যে কি অদ্ভুত একটা মায়া আছে তাই তোমাকে ভালো
না বেসে পারা যায় না। আমি জানি তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে। আমি ভালো না
বাসলে তোমার কিচ্ছু যায় আসে না তবে জেনে রেখো আমার মতো এমন ভালো তোমাকে কেউ
বাসেনি। মিলিয়ে নিও।
খুব জানতে ইচ্ছে করে এখনও কি ভোরবেলা উঠে গুনগুন করে গান
গাও? এখনও কি বাড়ির উঠোনে ফুল গাছ লাগাও? এখনও কি আমার
কথা মনে পড়লে তোমার মন খারাপ হয়?
জানি কারো জন্য কিছু থেমে থাকে না। তবে জীবন তার রং
বদলায়। তুমি চাও আমি তোমাকে ভুলে যাই। যতদিন বেঁচে আছি ভুলতে পারবো না বলে দিলাম
ক্লিয়ার কাট। ভুলতে পারবো না তোমার মায়াবী হাসি, তোমার চলা,
তোমার বলা, তোমার ব্যাকুলতা। তোমার সঙ্গে
কাটানো প্রতিটি পল গেঁথে রেখেছি সুচ সুতো দিয়ে। তোমাকে নিজের করে পাব সে সৌভাগ্য
আমার নেই কিন্তু আমার পাঁজর ঘর থেকে তোমাকে সরায় সে ক্ষমতাও কারো নেই। এটাই আমার
চরমতম সুখ। তুমি ভালো থেকো সবসময়। আর কিচ্ছু চাই না ।
ইতি -
মেঘে ঢাকা তারা
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।
.jpg)