আজ পঁচিশে বৈশাখ।
আকাশ জুড়ে নীলের ভেতর
কার যেন শান্ত পদধ্বনি ভাসে—
মনে হয়,শালবনের পথ পেরিয়ে
আবার ফিরে এসেছো তুমি,
শব্দের মহারাজ।
তোমার গানের ভিতর আজও
নদী বয়ে যায় বাংলার বুক ছুঁয়ে,
ধানখেতের বাতাসে মিশে থাকে
অচেনা বাঁশির সুর।
মানুষ যখন ক্লান্ত হয়,
অন্ধকারে পথ হারায়,
তোমার কবিতাই প্রদীপ হয়ে
জ্বলে ওঠে নীরব ঘরে।
তুমি শিখিয়েছিলে—
মানুষের চেয়ে বড় কিছু নেই,
ভালোবাসাই পৃথিবীর শেষ সত্য।
তাই তো যুদ্ধের ধ্বংসস্তূপেও
একটি শিশুর হাসি দেখলে
তোমার কথাই মনে পড়ে।
আজও শ্রাবণের বৃষ্টিতে
“সোনার তরী” ভেসে যায় দূরে,
আজও বসন্ত এলে
“শেষের কবিতা”-র পাতা উড়ে যায় বাতাসে।
তুমি আছো বলেই
বাংলা ভাষা আজও এত গভীর,
এত আলোয় ভরা।
হে বিশ্বকবি,
তোমার জন্মদিন মানে
শুধু স্মরণ নয়—
নিজেকে নতুন করে চিনে নেওয়া।
তোমার কলমের আলোয়
আমরা আজও খুঁজি
মানুষ হয়ে ওঠার পথ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
কালীপদ চক্রবর্ত্তী দিল্লি থেকে প্রায় ১৮ বছর ‘মাতৃমন্দির সংবাদ’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন এবং ‘সৃষ্টি সাহিত্য আসর’ পরিচালনা করেছেন।
দিল্লি,কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। কলকাতার আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা, সাপ্তাহিক বর্তমান, দৈনিক বর্তমান, আজকাল পত্রিকা, কবিসম্মেলন, নবকল্লোল,শুকতারা, শিলাদিত্য,সুখবর, গৃহশোভা, কিশোর ভারতী, চিরসবুজ লেখা (শিশু কিশোর আকাদেমী,পশ্চিমবঙ্গ সরকার), সন্দেশ, প্রসাদ, ছোটদের প্রসাদ, কলেজস্ট্রীট, উল্টোরথ,তথ্যকেন্দ্র, জাগ্রত বিবেক (দক্ষিণেশ্বর কালীমন্দির থেকে প্রকাশিত) , স্টেটসম্যান, কিশোর বার্তা, জলফর্ড়িং এবং অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়। এছাড়াও আকাশবাণী কলকাতা এবং এফ এম রেডিও চ্যানেলগুলোতে লেখা পড়া হয়ে থাকে।
তাঁর প্রকাশিত বই-এর সংখ্যা ১০ টি এবং প্রকাশের পথে ২টি বই।
‘ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান’, পূর্বোত্তর আকাদেমির পুরস্কার, ‘বরুণা অসি’-র গল্প প্রতিযোগিতায় পুরস্কার লাভ, আরত্রিক সম্মান, তুষকুটি পত্রিকা সম্মান, কাশীরাম দাস সম্মান, সতীনাথ ভাদুড়ী সম্মান লাভ করেন। ২০২২ সালে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে 'আজীবন সম্মাননা' লাভ করেন। এ ছাড়া আরও কিছু পুরস্কার লাভ করেছেন।
বর্তমানে দিল্লি থেকে প্রকাশিত 'কলমের সাত রঙ' ও www.tatkhanik.com এর সম্পাদক এবং দিল্লিতে প্রতিমাসে একটি সাহিত্য সভা পরিচালনা করেন।
.jpg)