Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-93rd-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

ধারাবাহিক উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

iha-kanch-nagari-story-upanyas-galpo-93rd-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

পর্ব – ৯৩

But I'd rather travel to a,far-off land,

Though I never shall,and settle, do you understand?

The trouble here is not with sun and soil

So much as meanness  in the human  soul.

একটা বাড়ি কতটা নিস্তব্ধ  হলে একটি পিন পড়লেও শব্দ  হয়। নিশীথ দার বাড়ির  গেট খুলতে গিয়ে গেট খোলার  শব্দেই যেন চমকে উঠল বাভ্রবি। বাইরের  লাইট জ্বলছে না। অন্ধকার, কতটা তীব্র, নিশ্ছিদ্র  হলে তাকে অন্ধকার  বলা যায়? শুকনো কিছু সাদা ফুল,এবং পাতা মাড়িয়ে গেটের ভেতরে পা রাখতেই  বাভ্রবির  সমস্ত  শরীর  কেমন যেন ছমছম করে উঠল।আস্তে বাইরের  ডোর বেলে হাত ছোঁয়াল বাভ্রবি।টুংটাং  শব্দে বেল বাজতেই  গ্রীলের  দরজার ফ্রেমে প্রমীলা বৌদি।

--"ওহ। তুমি। এসো। কেমন ঠাণ্ডা সুরে কথা গুলো বলে দরজা খুলে দিতে ভেতরে ঢুকে বাভ্রবি দরজাটা বন্ধ  করে দিল।

লিভিং রুম টা কেমন ছন্দ হীন।কাচা জামাকাপড় সোফার উপর ডাঁই  করা;একপাটি জুতো সেন্টার  টেবিলের  তলায়।কাপড় জামাকে একপাশে সরিয়ে প্রমীলা বৌদি নিরুত্তাপ সুরে বললেন--"বসো ।"

ডাইনিং,টেবিলে জলের  বোতল,কিছু ওষুধের  শিশি,বোতল সরিয়ে টিফিন  ক্যারিয়ার  টা রেখে বাভ্রবি সোফার এককোণে  বসে বলল

--"বৌদি ,মৈনাক  কে দেখছি না--"

বৌদি শান্ত  চোখ তুলে বললেন--

--"ওপরে--হয়ত ঘুমিয়ে পড়েছে--"

--"মৈনাক,কিছু খেয়েছে?"

প্রমীলা বৌদি র মুখে কেমন এক তেতো হাসি--না রাগ?না কি আরও কোনও অভিব্যক্তি,খেলা করে গেল?

--"জানি না। সারাদিন তো আমরা বাড়িতে ছিলাম না--ফ্রিজে কিছু টুকটাক থাকলে হয়ত খেয়েছে--"

--"বৌদি ,আমি কি উপরে গিয়ে একটু দেখব?"

প্রমীলা বৌদি নিঃশব্দে মাথা নাড়লেন।

সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেয়ালে নিশীথ দা,বৌদি,মোমালি আর মৈনাকের একটি সুখী গ্রুপ ফটো।মনের ভেতর চাপা একটি দীর্ঘশ্বাস  খেলা করে গেল। কে জানে মোমালি কেমন আছে। মেয়েটা পড়ে গেল,নাকি--"

মৈনাক আর মোমালি র রুমের দরজা ভেজানো।তির্যক একটি আলোর রেখা-লবিতে।ইচ্ছে করলেই  ভেজানো দরজা খুলে ঘরে ঢুকতে,পারে বাভ্রবি--তবু সে দরজায় মৃদু নক করল।শ্রান্ত  জবাব  এলো বন্ধ  ঘরের  ভেতর থেকে

--"প্লিজ  কম ইন মম--"

বাভ্রবি দরজা খুলে ঘরের  ভেতর ঢুকতে ঢুকতে বলল

--"মৈনাক,আমি বাবি আন্টি।"

মৈনাক ওর বিছানায় চুপ  করে বসেছিল।বাভ্রবি আস্তে আস্তে দুটো বেডের মাঝখানে চেয়ার  টেনে নিয়ে বলল

--"আমাদের  মৈনাক  ছেলেটা একা একা কি করছিল?"

বলতেই  মৈনাকের দুচোখে জল।দুহাতে,মুখ ঢেকে মৈনাক  বলল

--"আই এম ফিলিং,সো লোনলি  আন্টি। দিদি--আমি দিদির  কাছে যাব। দিদি ভাল  হয়ে যাবে তো আন্টি।'

বাভ্রবি আস্তে আস্তে মৈনাকের  চুলে হাত  বুলিয়ে দিতে দিতে,বলল

--"হ্যাঁ,বাবা,একদম ভাল  হয়ে যাবে।"

মৈনাক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল

--"দিদি--বাবা--রোজ ফাইট করত--"

বাভ্রবি আস্তে আস্তে বলল

--"আর কাঁদে না সোনা।চল,আমরা নীচে যাই--তোমার  নিশ্চয়ই  খিদে পেয়েছে?"

মৈনাক কান্না চোখে তাকিয়ে বলল

--"খিদে পেয়েছে।দিদির  ও নিশ্চয় খিদে পেয়েছে?আচ্ছা আন্টি,দিদির  খিদে পেলে হসপিটালে ওকে খেতে দেবে তো?"

-বিষণ্ণতা ,এবং দীর্ঘশ্বাস  চেপে বাভ্রবি বলল

--"অবশ্যই  দেবে বাবু। এবার  চল--আমি তোমার  জন্য  চিকেন বিরিয়ানি এনেছি। তুমি ভালবাস তো?"

মৈনাক মাথা নেড়ে বলল

--"হ্যাঁ,বাসি।"

তারপর  একটু থেমে বলল

--"দিদি ও ভালবাসে।"বাভ্রবির  বুকটা ব্যাথায় টনটন করে উঠল।

মোমালির পড়ার  টেবিল টা জানালার  পাশে--টেবিল লাইট জ্বলছিল।একটি বই খোলা।খুব সম্ভবত  মোমালি পড়ছিল। অরগ্যানিক  কেমিস্ট্রি।বাভ্রবি বইটা বন্ধ  করে লাইট টা নেভাতে গেলো,আর তক্ষুনি ওর চোখে পড়ল একটি ডায়েরি--ভেতরে একটি কলম গোঁজা।

মৈনাকের দিকে তাকাতে মৈনাক  বলল

--"দিদির  ডায়েরি।দিদি লেখে।"

--"রোজ লেখে?"

মাথা নেড়ে মৈনাক  বলল

--"হ্যাঁ।"একটু ইতস্তত  করে বাভ্রবি বলল

--"ডায়েরি  টা কি আমি --"

মৈনাক  শান্ত  সুরে বলল

--"আন্টি,তুমি নিয়ে যাও। বাবা বাড়ি ফিরে এলে ডায়েরি টা নষ্ট  করে ফেলবে।"

স্তম্ভিত  বাভ্রবির  মুখ থেকে অস্ফুটে উচ্চারিত  হলো

--"কেন?নষ্ট  করে ফেলবেন কেন?তোমার  এরকম  কেন মনে হলো মৈনাক?"

মৈনাক  স্থির  চোখে তাকিয়ে বলল

--"বাবা দিদির  ডায়েরি লেখা পছন্দ  করত না। দিদি লুকিয়ে লুকিয়ে লিখত।"

--"জানো,আন্টি,বাবা,মা,কেউ পছন্দ  করত না--দিদি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত।বাবা ভীষণ  বকত--"

সিঁড়িতে  পায়ের শব্দ।

--"কি হলো,বাবি,মৈনাক, তোমরা কি করছ?

বৌদির  গলা শুনে মৈনাক তাড়াতাড়ি বাভ্রবির  ব্যাগে ডায়েরিটা ভরে দিয়ে বলল

--মম,উই  আর কামিং।"তারপর  মৈনাক আলো নিভিয়ে বলল

--"আন্টি লেট আস গো--তুমি মাকে এই  ডায়েরি সম্পর্কে বলো না। এটা আমার আর  দিদির সিক্রেট। "

--"কিন্তু  আমার  পড়াটা কি ঠিক  হবে বাবু--"

মৈনাক শান্ত  সুরে বলল

--"হান্ড্রেড পার্সেন্ট।"

নীচে কলিং বেলের আওয়াজ--ওরা সিঁড়ি বেয়ে নীচের লবিতে পৌঁছে দেখল বৌদি দরজা খুলে দিয়েছেন--দরজার  ফ্রেমে দাঁড়িয়ে আছেন মিসেস  রাস্তোগী।

--"আপ--আভি?"বৌদির  শান্ত  সুরের প্রশ্নে ইতস্তত  জবাব  দিলেন নীতা রাস্তোগী

--"ইঁহাসে যা রহি থি--মোমালি বিটিয়া অব--"

নীতা  রাস্তোগীর সাথে সরাসরি আলাপ ছিল না বাভ্রবির। সে তাড়াতাড়ি সামনে এগিয়ে এসে বলল

--"আপ অন্দর আইয়ে।বৈঠিয়ে--"

--"নেহি--মতলব--"

বাভ্রবির কথায় ঘরের  ভেতরে ঢুকে আস্তে আস্তে বললেন--"সুবা মেঁ হি মোমালি বিটিয়া কো--"

বাভ্রবি মাথা নেড়ে বলল--"হাঁ,পতা হ্যায়।"

--"অব ক্যায়সি হ্যায় বিটিয়া?"

কেউ কিছু জবাব  দেবার  আগেই  ঘরের  এককোণে রাখা ইন্টারকম  বেজে উঠল--নিস্তব্ধ  ঘরে ক্রিং ক্রিং শব্দ টা কেমন ভীত এবং বিষণ্ণ  সুরে ছড়িয়ে পড়ল--

 

ক্রমশ …………

৯৪তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)