আঙ্গুলে নীল কালির দাগ, মুখে ভয়
বাইরে দু দল জনতার উন্মত্ত উচ্ছ্বাস,
গণতন্ত্র উৎসবের ধ্বজা হাতে মুখোমুখি
গালমন্দ পাড়ে; কত না রঙ্গ দেখি ধরিত্রীতে!
নেতাদের স্বপ্নের ঝনৎকার পকেট ভর্তি হয়
ধ্বংসের খরতাল বুঝি বাজে!
জয়ধ্বনি থেকে ক্রন্দনে আমি
উদ্ধত পতাকার নীচে, জড়সড় হয়ে বাঁচি।
রক্তপাতে, আর্তনাদে, মনে পড়ে
হাসপাতালে আহত
মজুরের মুখ
কলেজের মোড়ে, ছত্রভঙ্গ জনতা-
দেশ জুড়ে চাকরীপ্রার্থীদের হাহাকার!
শুধু উঁচু ডায়াসে রাখা মধ্য দুপুরে
নিঃসঙ্গ মাইক্রোফোন।
-----------------------------------------------------------------------------------------
কবি পরিচিতি -
জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাশিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুল, কলেজ, অণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা। নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।
.jpg)