চোখে চোখে দেখে বলনি তো কোন কথা
লেখনি তো একটাও চিঠি,
বিজোড় শালিক দেখে, কখনো বাঁ চোখ কেঁপে
অস্ফুট না বলা কথাগুলি।
অদূরে হাতছানি ভালোবাসা দিবসের গানে,
আমিও বাকরুদ্ধ তবু।
ইকির মিকির খেলাতে পারিনি ভুলতে
করস্পর্শে কত গোপন শিহরণ,
কত না ফিকির ছিল ইকির-মিকিরে।
লাজে রাঙা উদ্দাম দিনগুলিতে।
তুমিও যদি ভালোবাসো মোরে,
লতিয়ে ওঠা বাসন্তী শাড়িতে এসো মোর দ্বারে,
হৃদয় আমার বেঁধো তোমার খোলাচুলে,
ভালোবাসার ওই পুণ্য দিবসে।
ঢেকোনা লিপস্টিকে ঠোঁটের তিলটা,
ঘাড়ের কুন্তলরাশি বেঁধোনা কঠোর হাতে
তোমার কবরীতে।
তোমায় ঘিরে থাকা ভোরের কুয়াশা,
তোমার ওই টোলপড়া হাসি,
সাক্ষী রবে সবে।
কবি পরিচিতি –
শক্তি পদ মুখোপাধ্যায়-এর লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। তিন বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওঁনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্স, দি ড্রিবল ড্রেবল রিভিউ,তাৎক্ষনিক, দি পোয়েট, মাইন্ডফুল, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, মিউজ ইন্ডিয়া, বিবেকবার্তা, শব্দদ্বীপ ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছে। শক্তিপদবাবুর কিছু লেখা অদূর ভবিষ্যতে প্রকাশের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন পত্রিকায়, যেমন স্কারলেট লিফ রিভিউ, ইত্যাদি”।